কক্সবাজার থেকে পেটের ভেতর করে ইয়াবা বহন করে চট্টগ্রামে পাচার করছিল দুই রোহিঙ্গা। পরে তাদের এক্স-রে করে পেট থেকে মোট ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন এ তথ্য জানান।
আটক দুজন হলেন—কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর বাসিন্দা মো. শাহ আলম (৪৯) ও মো. রফি উল্লাহ (৩৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ সরকারহাট এলাকায় চট্টগ্রামমুখী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেটের ভেতর ইয়াবা বহনের কথা স্বীকার করলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় চিকিৎসক তাদের পাকস্থলীতে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত করেন।
পরে কয়েক ধাপে মলত্যাগের মাধ্যমে শাহ আলমের পেট থেকে ৯০টি এবং রফি উল্লাহর পেট থেকে আরও ৯০টি বিশেষভাবে মোড়ানো প্যাকেট বের করা হয়। এসব প্যাকেট খুলে মোট ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ টাকা। আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এএইচ




