পেকুয়ায় পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলায় গোসলে নেমে পুকুরে ডুবে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান মারুফ (১৮)। তিনি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আন্নর আলী মাতবর পাড়ার বাসিন্দা মিজবাহ উদ্দিন বাবুলের ছেলে এবং পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ৯টায় মারুফের নিজ বসতবাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে ভুগছিলেন মারুফ। সকালে চুল কেটে বাড়িতে এসে পুকুরে গোসল করতে নামেন। তবে তিনি সাঁতার জানতেন না। তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ গিয়েছিল। থানায় অপমৃত্যুর মামলা হবে। তবে পরিবারের আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মারুফের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ডিজে

ksrm