পেকুয়ায় ডিজিএফআই পরিচয়ে প্রতারণা, নারী আটক

কক্সবাজারের পেকুয়া থেকে ভুয়া ডিজিএফআই পরিচয়ে প্রতারণার সময় হাছিনা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটক হাছিনা আক্তার (৪২) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি পেকুয়া পৌরসভায় ভাড়া বাসায় বসবাস করেন।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, ওই নারী দীর্ঘদিন ধরে নিজেকে ডিজিএফআইয়ের সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্নভাবে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছিলেন। মঙ্গলবারও একইভাবে যোগাযোগ করে নানা তথ্য ও বিষয় নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করলে সন্দেহ হয়। পরে বিষয়টি পেকুয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তিনি কোনো তথ্যপ্রমাণ দিতে না পারায় তাকে আটক করেন পুলিশ।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, আটক নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি নিজেকে ডিজিএফআইয়ের সদস্য সেটা প্রমাণ করতে পারেননি। তিনি মূলত প্রতারণার মাধ্যমে সরকারি-বেসরকারি দপ্তর ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেন।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে প্রতারণার দায়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডিজে

ksrm