চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে চলে গেছে মাদক কারবারিরা। গাড়িটি তল্লাশি করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের কাছে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
মাসুদ আলম বলেন, সন্দেহজনক একটি টয়োটা নোহা মাইক্রোবাসের গতিবিধি লক্ষ্য করে পুলিশ ধাওয়া করলে গাড়িতে থাকা মাদক কারবারিরা কৌশলে গাড়িটি রাস্তার পাশে খাদে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ মাইক্রোবাসটিতে তল্লাশি করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাসটি জব্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন, সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা মাইক্রোবাসটি এখন পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় অজ্ঞাত মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক পরিবহনের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
ডিজে




