পুরস্কার বিতরণ থেকে বৃক্ষরোপণে উৎসবমুখর পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন একদিনেই হয়ে উঠেছিল উৎসবের কেন্দ্র। বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের অসমাপ্ত উন্নয়নকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেওয়া হয় অনুষ্ঠানে।

পুরস্কার বিতরণ থেকে বৃক্ষরোপণে উৎসবমুখর পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয় 1

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চন্দনাইশ উপজেলা শাখার সাবেক সভাপতি সালাউদ্দিন চৌধুরী। বক্তব্যে তিনি বিদ্যালয়ের পাশে নির্মাণাধীন সাইক্লোন সেন্টার, বাউন্ডারি প্রাচীরসহ অন্যান্য অসমাপ্ত উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করতে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার কথা জানান।

সালাউদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহাসান উদ্দিন চৌধুরী। তিনি বলেন, একটি শিশুর সাফল্যের পেছনে অভিভাবকের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, বাড়ির কাজ সম্পন্ন করতে উৎসাহিত করা এবং তাদের লেখাপড়ার সার্বিক অগ্রগতির প্রতি নিবিড় নজর রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

শ্রেণিকক্ষে কোনো ধরনের শিক্ষাগত অবহেলা পরিলক্ষিত হলে তা বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করার কথাও বলেন আহাসান উদ্দিন চৌধুরী। পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষ কোচিংয়ের ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের চলমান উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করতে সবার সম্মিলিত সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, আবু মুছা চৌধুরী, বাবুল কন্ট্রাক্টর, কিরণ মজুমদার, ওয়ার্ড প্রতিনিধি সদস্য হাবিবুর রহমান, শিবলী মাহমুদ চৌধুরী, রাকিব চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরাও।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা। সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

ksrm