কক্সবাজারের পেকুয়ায় পুত্রবধূর ঘরের চালে ঢিল ছোড়ার প্রতিবাদ করায় শ্বশুরকে কুপিয়ে খুন করেছে দুই বখাটে যুবক। বাকবিতণ্ডা হলে একপর্যায়ে ধারালো কিরিচ দিয়ে বৃদ্ধকে এলোপাথাড়ি কুপিয়ে পুকুরে ফেলে দেয় তারা।
শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হারুন মাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ আবু তাহেরকে (৭৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার মগনামা ইউনিয়নের হারুন মাতবরপাড়ার বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানায়, একই ইউনিয়নের পুরাতন বহদ্দারপাড়ার শিফাত ও বাহাদুর নিহতের বাড়িতে ঢিল নিক্ষেপ করে। বিষয়টি জানতে পেরে আবু তাহের ঘর থেকে বের হয়ে প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা ধারালো কিরিচ দিয়ে তাকে এলোপাথাড়ি কোপায় এবং মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পুত্রবধূ ছখিনা বেগম অভিযোগ করেন, তার জা তৈয়বা বেগমকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করতেন শিফাত। এ নিয়ে আগে সামাজিকভাবে সালিশ ও মুচলেকা দিলেও তিনি বিরত হননি। ঘটনার দিনও তৈয়বার ঘরের চালে ঢিল ছোড়ার প্রতিবাদ করতেই আবু তাহেরের ওপর হামলা চালানো হয়।
নিহতের বড় ছেলে নবাব মিয়া দাবি করেন, পূর্বপরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে।
নিহতের নাতনি বলেন, বাড়িতে ঢিল ছোড়ার পর দাদা বের হলে বখাটে শিফাত তাকে কিরিচ দিয়ে কোপ দেয় এবং পুকুরে ফেলে দেয়। দাদার চিৎকার শুনে আমার চাচা তারেকসহ আমরা বের হয়ে আসি। কিন্তু হামলাকারীরা পালিয়ে যায়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এএইচ




