পিসিডিএফ’র নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, শপথ নিলেন ২১ সদস্য

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ফোরামের (পিসিডিএফ) চতুর্থ কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যুক্তিবাদী চিন্তা চর্চা ও নেতৃত্ব বিকাশের প্রত্যয়ে পিসিআইইউ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে ২১ সদস্যের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসিডিএফ’র কো-অর্ডিনেটর আতাউস সামাদ রাজু। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. রাশেদ খান মিলন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন (সিএসসি) বিভাগের লেকচারার তাসমিন আক্তার এবং সাংবাদিকতা বিভাগের লেকচারার গিয়াস উদ্দিন রিয়াদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

পিসিডিএফ’র যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম তারিনের সঞ্চালনায় এবং সভাপতি আসাবুল ইসলাম রাতুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ডিবেট ফোরামের সদস্য ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

চতুর্থ কার্যনির্বাহী কমিটিতে মোট ২১টি পদে দায়িত্ব প্রদান করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আসাবুল ইসলাম রাতুল, সহসভাপতি ইব্রাহিম খলিল উল্লাহ, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম তারিন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ডিবেট সম্পাদক জিহাদুল ইসলাম রাফি, অর্থ সম্পাদক ফাহমিদা রুবাইয়াত নাজিফা, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহারফ এবং প্রেস ও মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব নেন তকি মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে আয়োজন করা হয় একটি রম্য বিতর্ক। বিতর্কের বিষয় ছিল—এই সংসদ মনে করে, অ্যাটেনডেন্সের চেয়ে অ্যাটেনডেন্সের মার্কস বেশি গুরুত্বপূর্ণ।

এই রম্য বিতর্ক শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে এবং অনুষ্ঠানকে করে তোলে আরও আকর্ষণীয়।

অনুষ্ঠানের শেষ পর্বে পিসিডিএফ’র সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ডিবেট ফোরামের পূর্ববর্তী কার্যক্রম ও অর্জন তুলে ধরেন। পরে সভাপতি আসাবুল ইসলাম রাতুল নবগঠিত কমিটির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

বক্তারা বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত বিতর্কচর্চায় যুক্ত হওয়ার আহ্বান জানান।

ksrm