পিসিআইইউতে ফটোসাংবাদিকতা বিষয়ক ‘ফটোগ্রাফি টক’ সেমিনার অনুষ্ঠিত

ফটোসাংবাদিকতা শুধু ক্যামেরায় ছবি বন্দি করার কাজ নয়; সত্য, নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে সময়কে ইতিহাসের পাতায় ধরে রাখার দায়িত্বও। পিসিআইইউতে ফটোসাংবাদিকতা বিষয়ক সেমিনারে এমন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন দেশের বর্ষীয়ান ফটোসাংবাদিক ও সিনিয়র সাংবাদিক ওসমান গণি মনসুর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন পিসিআইইউ মিডিয়া ক্লাবের উদ্যোগে ‘ফটোগ্রাফি টক উইথ ওসমান গণি মনসুর’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলাদেশের ফটোসাংবাদিকতার ইতিহাস, গুরুত্বপূর্ণ বিভিন্ন সময়ে ফটোসাংবাদিকদের ভূমিকা এবং মাঠপর্যায়ে কাজের নানা বাস্তবতা তুলে ধরেন ওসমান গণি মনসুর। দীর্ঘ সাংবাদিকতা জীবনের চড়াই-উতরাই ও সংগ্রামের অভিজ্ঞতাও শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

আলোচনায় ফটোসাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত দায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। সত্য, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ উপস্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে ওসমান গণি মনসুর বলেন, সাংবাদিকতা ও ফটোসাংবাদিকতা শুধু ছবি ধারণ বা তথ্য প্রকাশের বিষয় নয়; এর সঙ্গে ন্যায়নীতি, দায়িত্ববোধ ও নিরন্তর প্রচেষ্টা জড়িত।

শিক্ষার্থীদের ফটোসাংবাদিকতার চর্চা বাড়ানোর পাশাপাশি পর্যবেক্ষণ ক্ষমতা ও পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। তার বক্তব্যে বাংলাদেশের ফটোসাংবাদিকতার বিকাশ, পেশাগত বাস্তবতা এবং মাঠপর্যায়ের কাজের নানা অভিজ্ঞতা উঠে আসে।

সেমিনারে সভাপতিত্ব করেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি দিলরুবা আক্তার। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান, আইন ও কলা অনুষদের ডিন মাঈনুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপাচার্য ড. মুহাম্মদ তৈয়ব চৌধুরী। পরে অতিথি ও আলোচকের বক্তব্য এবং অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে সেমিনারটি এগিয়ে যায়।

সমাপনী বক্তব্যে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি দিলরুবা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের অভিজ্ঞ সাংবাদিকদের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের দক্ষতা, মূল্যবোধ ও পেশাগত প্রস্তুতি গড়ে তোলার আহ্বান জানান। সাংবাদিকতা পেশায় দায়িত্বশীল, মানবিক ও নৈতিক ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

সেমিনারে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ফিচার রাইটিং প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ksrm