‘পিকস, পিপল, পারস্পেক্টিভ’ শিরোনামে ভার্টিক্যাল ড্রিমার্সের আলোকচিত্র প্রদর্শনী

পর্বত, প্রকৃতি এবং পাহাড়ি জনগোষ্ঠীর জীবন-সংস্কৃতিকে আলোকচিত্রের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরতে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। শুক্রবার (২৬ জুন) ক্লাবটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি শোয়েব ফারুকী।

'পিকস, পিপল, পারস্পেক্টিভ' শিরোনামে ভার্টিক্যাল ড্রিমার্সের আলোকচিত্র প্রদর্শনী 1

উদ্বোধনী অনুষ্ঠানে সাঈদ আল নোমান বলেন, পর্বতারোহণ শুধু একটি খেলা নয়, এটি একটি শিল্পও। এ খেলায় চট্টগ্রামের তরুণদের আরও এগিয়ে নিতে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, চট্টগ্রামে শিগগিরই একটি ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠিত হবে। তরুণদের প্রকৃতির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রকৃতিবান্ধব রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মের প্রকৃতির কাছাকাছি থাকা জরুরি।

চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি শোয়েব ফারুকী বলেন, পর্বতারোহণের পাশাপাশি ভার্টিক্যাল ড্রিমার্সের সদস্যরা প্রতিকূল পরিবেশে অসাধারণ সব আলোকচিত্র ধারণ করে নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। দুর্গম ও উচ্চ পার্বত্য অঞ্চলে ছবি তোলা অত্যন্ত কঠিন হলেও প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলো সেই চ্যালেঞ্জ সফলভাবে তুলে ধরেছে।

ক্লাবের সভাপতি ও প্রদর্শনীর আয়োজক ফরহান জামান বলেন, পর্বতারোহণের বেশিরভাগ অভিযান পৃথিবীর দুর্গম অঞ্চলে অনুষ্ঠিত হয়। তাই সাধারণ মানুষের পক্ষে এ অভিজ্ঞতার সঙ্গে সরাসরি পরিচিত হওয়া সম্ভব হয় না। এই প্রদর্শনীর ছবিগুলোর মাধ্যমে দর্শনার্থীরা দুর্গম পর্বতাঞ্চলের প্রকৃতি, মানুষ এবং অভিযানের কিছুটা অনুভূতি লাভ করতে পারবেন।

‘পিকস, পিপল, পারস্পেক্টিভ’ শিরোনামের এই প্রদর্শনী শনিবার পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজনটির পৃষ্ঠপোষকতায় রয়েছে নস টেলোস, ক্রাফট ফ্যাশন লিমিটেড ও ট্রাভেল প্রো। সহযোগিতায় রয়েছে বিষুব আর্ট অর্গানাইজেশন, গিরি এবং ক্যানভাস অব কালার।

প্রদর্শনীতে বান্দরবানের সবুজ পাহাড়, হিমালয়ের শুভ্র পর্বতশ্রেণি এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের জীবন, সংস্কৃতি ও প্রকৃতির বৈচিত্র্য নিয়ে শতাধিক আলোকচিত্র স্থান পেয়েছে।

ksrm