পাহাড়তলীতে রেলের ৩৫ শতক জায়গা উদ্ধার, ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম রেলওয়ে বিভাগীয় ভূসম্পদ দপ্তরের অধীনে পাহাড়তলী রেলওয়ে স্টেশন কলোনি এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় ৩৫ শতক জমি উদ্ধার দখলমুক্ত করা হয়। উচ্ছেদ করা হয় ৩০টি অবৈধ স্থাপনা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) পাহাড়তলী রেলওয়ে ভূসম্পদ কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে রেলস্টেশন সংলগ্ন ভেলুয়ার দীঘির পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রেলওয়ে বিভাগীয় ভূসম্পদ দপ্তর জানায়, অভিযানে প্রায় ৩৫ শতক রেলওয়ে জমি উদ্ধার করা হয়েছে। এ সময় টিনশেড ও ঝুপড়িসহ মোট ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়া অবৈধভাবে দখলকৃত মাছ বাজারের একটি সেমিপাকা দোকান উচ্ছেদ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার কৃষ্ণ চক্রবর্তী উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রেলওয়ের জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জেএস/এএইচ

ksrm