কিডনি ও হাড়ের জটিল রোগের অন্তর্নিহিত কারণ হিসেবে ‘মাল্টিপল মাইলোমা’ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা বৈজ্ঞানিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের উদ্যোগে এ আয়োজন করা হয়।
রোববার (১০ মে) কিডনি ও হাড়ের সমস্যার ‘ট্রোজান হর্স’ হিসেবে মাল্টিপল মাইলোমা—শীর্ষক এই সিম্পোজিয়ামটি দুপুর ২টায় পার্কভিউর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
কিডনি রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেরিনা আরজুমান্দের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেমাটোলজি বিশেষজ্ঞ ডা. জামাল উদ্দিন তানিন।
সিম্পোজিয়ামে বিশেষজ্ঞ প্যানেল হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ডা. মো. নুরুল হুদা (নেফ্রোলজি), প্রফেসর ডা. মো. কাওসারুল মতিন (অর্থোপেডিক সার্জারি), প্রফেসর ডা. এমএ সাত্তার (মেডিসিন) এবং ডা. মো. নাজিবুর রহমান (রিউমাটোলজি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেলের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এমএ হাসান চৌধুরী।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পার্কভিউ হাসপাতালের সিনিয়র কনসালটেন্টবৃন্দ, রক্তরোগ, কিডনি, ফিজিক্যাল মেডিসিন, অর্থোপেডিক সার্জারি, হৃদরোগ ও গাইনি বিভাগের চিকিৎসক এবং বিভিন্ন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিম্পোজিয়ামে বক্তারা মাল্টিপল মাইলোমার প্রাথমিক লক্ষণ, জটিলতা, কিডনি ও হাড়ের উপর এর প্রভাব এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সময়মতো সঠিক রোগ নির্ণয় এবং সমন্বিত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।




