চট্টগ্রাম বন্দর থেকে ১৫০ টনের কাঁচা তামাকের একটি চালান আটক করা হয়েছে। পণ্যের পরিমাণে অসঙ্গতি ও রাজস্ব ফাঁকি আশঙ্কায় এই চালানটি আটক করা হয়। ১০ দিন আগে এসব পণ্য পাকিস্তান থেকে বন্দরে এসেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে নগরীর আগ্রাবাদের সিজিও ভবনে-২ এ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এর আগে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা ‘গ্লোবাল লিফ ট্যোবাকো লিমিটেড’ নামে প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে প্রক্রিয়াজাত ও কাঁচা তামাকের মধ্যে গড়মিল পাওয়া যায়।
জানা গেছে, কাস্টমস এক্সাইজের ২৮ সদস্যের একটি দল গত ২৮ অক্টোবর ওই প্রতিষ্ঠান পরিদর্শনে যান।
তারা প্রতিষ্ঠানের সব উপকরণ, উৎপাদিত পণ্য ও প্রতিষ্ঠানে রক্ষিত দলিল যাচাই করে।
এ সময় ২ লাখ ৫৭ হাজার ৩৬৯ কেজি কাঁচা তামাক কম পাওয়া যায়। এছাড়া ১৭ লাখ ২৫ হাজার ৬৭২ কেজি সেমি-প্রক্রিয়াজাত তামাক বেশি পাওয়া যায়। এই দুটিতেই আদায়যোগ্য মূসকের পরিমাণ তিন কোটি ২৯ লাখ ৯ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ জানান, বন্ড লাইসেন্স সুবিধার অপব্যবহারের কিছু তথ্য আমরা পেয়েছি। কিছু আমদানিকৃত পণ্য অপসারণ করা হয়েছে। কিছু পণ্য হিসাবের চেয়ে অনেক বেশি পাওয়া গেছে, যার পক্ষে কোনো বৈধ দলিল তাদের কাছে নেই।
এই চালানটি ১৭ অক্টোবর পাকিস্তান থেকে ছেড়ে আসে এবং চট্টগ্রাম বন্দরে পৌঁছায় ১৯ অক্টোবর। বন্দরে আসার পর এটির বিল অব এন্ট্রি সাবমিট হয়। তবে কাস্টমস প্রসেস এখনো শুরু হয়নি। এ অবস্থায় খবর আসার পর হস্তক্ষেপ করা হয় বলে জানান তিনি।
তিনি জানান, এই কাঁচামাল ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন সম্ভব, যার সম্ভাব্য খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৪ কোটি ৮৬ লাখ টাকা।
ডিজে




