‎পরকীয়ায় বাধা দেওয়ায় কৃষকের মাথা থেঁতলে দিলো বখাটে যুবক

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে পরকীয়া প্রেমে বাধা দেওয়াতে ইট দিয়ে মেরে কৃষকের মাথা থেঁতলে দিয়েছে এক বখাটে যুবক।

আহত কৃষকের নাম মোহাম্মদ সেলিম (৫৪)। 

বুধবার (১ জুলাই) সকালে আহত কৃষক বাদী হয়ে বখাটে যুবক ইকবাল হোসেনকে আসামি করে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়। এর আগে সোমবার রাতে পৌরসভার পন্থিছিলা এলাকার মহাদেবপুরে হামলার এই ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় যুবক মো. ইকবাল হোসেন ওই এলাকার এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া করে আসছে। সোমবার রাতে স্থানীয়রা তাকে ওই গৃহবধূর ঘর থেকে অপ্রীতিকর অবস্থায় হাতেনাতে ধরে। এক পর্যায়ে তিনি স্থানীয়দের মাঝে অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে চলে যান।

এর কিছুক্ষণ পর ওই যুবক পুনরায় এসে কৃষক সেলিমকে দুটি ইট দিয়ে হত্যার উদ্দেশ্য মেরে মাথা থেঁতলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার বাম চোখ দিয়ে কিছুই দেখছেন না।

‎আহত কৃষক সেলিম বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। কিন্তু করোনাকালীন সময়ে আর যেতে পারেনি। এখন কোনোভাবে কৃষি কাজ করে পরিবারের ভরণপোষণ করছি। পরকীয়াতে বাধা দেওয়াতে সে (ইকবাল) পাথর দিয়ে আমার মাথা থেঁতলে দেয়। আমি চোখে কিছু দেখছি না। জানি না, স্বাভাবিক জীবনে আর ফিরতে পারব কিনা।

‎আহত সেলিমের ছেলে পারভেজ বলেন, বখাটে যুবক ইকবাল এর আগেও বেশ কয়েকটি নারীঘটিত ঘটনা ঘটিয়েছে এলাকায়। তার সন্ত্রাসী কার্যক্রমের জন্য এলাকাবাসী অতিষ্ঠ এবং তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। সে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে যেকোনো সময় আমাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা করতে পারে।

‎স্থানীয় যুবক আজমির হোসেন বলেন, তার অনৈতিক পরকীয়ার ভিডিও ধারণ করাতে সে আমার ওপর হামলা করেছে। আমি এখন নিরাপত্তাহীনতায় আছি।

‎সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পরকীয়াকে কেন্দ্র করে একটি হামলার ঘটনা ঘটেছে। আমরা অভিযোগ হাতে পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

‎ডিজে

ksrm