পতেঙ্গা থেকে ৬ হাজার লিটার ডিজেল পাচার হচ্ছিল মিয়ানমারে, রোহিঙ্গাসহ আটক ১২

নিরাপদ রুট বহির্নোঙর এলাকা

চট্টগ্রামের পতেঙ্গা থেকে সমুদ্রপথে মিয়ানমারে প্রতিনিয়ত পাচার হচ্ছে ভোগ্যপণ্যসহ বিভিন্ন সরঞ্জাম। এটি যেন পাচারকারীদের নিরাপদ রুটে পরিণত হয়েছে। এবার সেই চক্রের ১২ জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার লিটার ডিজেলসহ গ্যাস সিল্ডিন্ডার জব্দ করা হয়।

শনিবার (৪ এপ্রিল) ভোরে বিশেষ অভিযান চালিয়ে পাচারকারীদের ট্রলারসহ আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গার বহির্নোঙর এলাকায় সকাল ৬টায় অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এজন জ্বালানির মূল্য প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা।

অভিযানে আরও জব্দ করা হয়েছে, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার ও নগদ ১৫ হাজার টাকা। এ ঘটনায় ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গাসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে।

আটকরা ব্যক্তিরা জানান, নগরীর ফিশারি ঘাট থেকে ড্রামভর্তি করে তেলগুলো সংগ্রহ করা হয়েছিল।তবে আটক রোহিঙ্গাদের দাবি, তাদের মাছ ধরার উদ্দেশ্যে এসব পণ্য নিয়ে যাচ্ছিল।

কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির মাহমুদ বলেন, অভিযানে বড় একটি তেল পাচারের চালান জব্দ এবং জড়িতদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, এই বোটটি ব্যবহার করে মানবপাচারেরও পরিকল্পনা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৫০ থেকে ২০০ জনকে পাচারের পরিকল্পনা করেছিল চক্রটি।

এএইচ/ডিজে

ksrm