পতেঙ্গার ১৫ নম্বর ঘাট যেন মাদকের হাট, ১৫ কোটির ইয়াবাসহ আটক ৯

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রের ১৫ নম্বর ঘাট যেন হয়ে উঠেছে ‘ইয়াবার ভাসমান গুদাম’। এই ঘাট থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব, যার বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

পতেঙ্গার ১৫ নম্বর ঘাট যেন মাদকের হাট, ১৫ কোটির ইয়াবাসহ আটক ৯ 1

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চালানো অভিযানে একটি ফিশিং বোট থেকে উদ্ধার করা হয় এসব ইয়াবা।

আটকদের মধ্যে ৫ জন রোহিঙ্গা রয়েছে, তারা হলেন—সৈয়দ আলম (৪৫) , সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০) ও মো. ইসমাইল(৪০)। যারা দীর্ঘদিন ধরে এই মাদক চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‌্যাব। এছাড়া অপর চারজন হলেন—শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) ও ছানাউল্লাহ (৫৭)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার সীমান্ত থেকে একটি সংঘবদ্ধ চক্র মাদক নিয়ে সমুদ্রপথে চট্টগ্রামের দিকে আসছে। এরপরই পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় অবস্থান নেয় র‌্যাবের বিশেষ দল।
অভিযানের আভাস টের পেয়ে ফিশিং বোটে থাকা চক্রের সদস্যরা পালানোর সময় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বোটে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুম থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা কিনে বেশি মুনাফা লাভের আশায় ফিশিং বোটযোগে (ট্রলার) চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন এলাকায় এনে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ/ডিজে

ksrm