রাঙামাটির বিলাইছড়ি বাজারে পণ্য বিক্রি করে ফেরা পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৪৮ ঘণ্টা পর তার লাশ কাপ্তাইয়ের গর্জনটিলা এলাকায় ভেসে ওঠে।
নিহত মো. মাসুদ (৫০) কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি পেশায় ব্যবসায়ী।
সোমবার (২০ জুলাই) সকালে স্থানীয় লোকজন খবর দিলে ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌবাহিনীর যৌথ দল লাশটি উদ্ধার করে।
নিহতের পরিবার জানায়, প্রতি সপ্তাহে নিজের ইঞ্জিনচালিত নৌকা নিয়ে চাল, ডাল, সবজি ও নিত্যপণ্যসহ বিলাইছড়ি বাজারে বিক্রি করেন তিনি। শনিবার পণ্য বিক্রি করে ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ হন তিনি। ওইদিন বিকেলে গর্জনটিলা এলাকা থেকে তার নৌকাটি উদ্ধার করে পুলিশ।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান জানান, নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ডিজে




