পটিয়া মোহামেডানের ফুটবলে নতুন নেতৃত্ব, দায়িত্বে তরুণ সংগঠক ইসমাইল

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল কার্যক্রমে নতুন গতি আনতে তরুণ সংগঠক মো. ইসমাইল হোসেনকে ফুটবল কমিটির চেয়ারম্যান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ক্লাবের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ক্লাবের ফুটবল অঙ্গনে নতুন পরিকল্পনা গ্রহণ ও প্রতিযোগিতামূলক কার্যক্রম জোরদারের প্রত্যাশার কথাও জানান সংশ্লিষ্টরা।

সভায় সভাপতিত্ব করেন সভাপতি শাহজাহান চৌধুরী। উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহসভাপতি এস এম রেজা রিপন, যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম আলভি ও হাবিবুল্লাহ মামুন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রিপন এবং ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, মো. ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত। তাঁর নেতৃত্বে পটিয়ার ফুটবল আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তারা আশা করছেন।

সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, পটিয়া থেকে নতুন প্রজন্মের ফুটবলার গড়ে তুলতে তারা একটি শক্তিশালী ফুটবল কমিটি গঠন করেছেন।

নতুন দায়িত্ব পেয়ে মো. ইসমাইল হোসেন বলেন, পটিয়ার ফুটবলকে নতুন উচ্চতায় নিতে কাজ করা হবে। তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরি, নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে একটি শক্তিশালী দল গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

তিনি আরও জানান, স্থানীয় তরুণদের ক্রীড়ামুখী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে এবং ক্লাবকে প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্মে পরিণত করা হবে।

সভায় নিয়মিত লীগ ও টুর্নামেন্ট আয়োজন, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম, প্রশিক্ষণ ক্যাম্প ও কোচিং ব্যবস্থার উন্নয়ন এবং আন্তঃউপজেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

নতুন কমিটি ও নেতৃত্বকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সঠিক পরিকল্পনা ও নেতৃত্বের মাধ্যমে পটিয়া খুব শিগগিরই দক্ষিণ চট্টগ্রামের ফুটবলে শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

ksrm