চট্টগ্রামের পটিয়া থেকে সিএনজি অটোরিকশা চুরি করে আনোয়ারায় বিক্রির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর ভাইয়ের দীঘির পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন—আজিমপুর এলাকার মো. জাহিদুল ইসলাম (২৮), মো. মিজান (২৫), মো. জোবায়ের (২৩) ও মো. আব্দুল্লাহ (২২)। তারা সবাই কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর ভাইয়ের দীঘির পাড় এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ২৪ আগস্ট রাত আনুমানিক আড়াইটার দিকে ওই এলাকার এলাকায় মো. শহিদুল আলমের বসতবাড়ির সামনে রাখা তার মালিকানাধীন অনটেস্ট বাজাজ থ্রি-হুইলার ফোর-স্ট্রোক সিএনজি অটোরিকশাটি চুরি হয়। চুরি যাওয়া সিএনজিটির বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।
ঘটনার পরপরই পটিয়া থানা পুলিশ সিএনজি উদ্ধারে মাঠে নামে। পরে স্থানীয়দের সহায়তায় তথ্য সংগ্রহ ও অনুসন্ধানের একপর্যায়ে শনিবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চারজন জানান, চুরির করা সিএনজিটি আনোয়ারা থানার এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। এরপর পুলিশ চোরাই সিএনজিটির অবস্থান শনাক্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, চুরি যাওয়া সিএনজি উদ্ধারের পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কোথায় চোরাই গাড়িটি বিক্রি করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। চোরাই সিএনজি উদ্ধার ও জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় ভুক্তভোগী শহিদুল আলম পটিয়া থানায় মামলা করেছেন। মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে রবিবার আদালতে পাঠানো হয়েছে।
এএইচ




