পটিয়ার ১৭ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাই ও তথ্য সংগ্রহ

দলীয় পরিচয়ের বাইরে জনপ্রিয়তা, সাংগঠনিক ভূমিকা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে পটিয়ার ১৭ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাছাই করছে বিএনপি।

মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ এবং যাচাই-বাছাই শুরু হয়েছে।

প্রথম দিনে পটিয়া উপজেলা বিএনপির (পশ্চিম পটিয়া শাখা) অস্থায়ী কার্যালয়ে প্রার্থীদের তথ্য ও জীবনবৃত্তান্ত জমা দেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। শান্তিরহাট কামাল সেন্টারসংলগ্ন খাজা টাওয়ারের তৃতীয় তলায় স্থাপিত পটিয়া উপজেলা যাচাই-বাছাই কমিটির কাছে এসব ফরম জমা নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, পটিয়ার ১৭ ইউনিয়নের আগ্রহী চেয়ারম্যান প্রার্থীদের ৬, ৭ ও ৮ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে প্রয়োজনীয় তথ্য ও জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।

জীবনবৃত্তান্তে প্রার্থীদের দলীয় পরিচয়, বর্তমান ও সাবেক পদ-পদবি, সামাজিক অবস্থান, বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সংশ্লিষ্ট কর্মকাণ্ডের স্থিরচিত্র এবং মামলা-মোকদ্দমার বিবরণ (যদি থাকে) উল্লেখ করতে বলা হয়েছে।

যাচাই-বাছাই কমিটির সংশ্লিষ্টরা জানান, শুধু দলীয় পরিচয় নয়, স্থানীয় পর্যায়ে প্রার্থীদের সাংগঠনিক ভূমিকা, জনসম্পৃক্ততা ও সামাজিক অবস্থানও বিবেচনায় নেওয়া হবে। স্থানীয় পর্যায় থেকে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পর সম্ভাব্য প্রার্থীদের একটি গ্রহণযোগ্য তালিকা তৈরি করা হবে। পরে সাংগঠনিক অবস্থান ও জনসম্পৃক্ততা বিবেচনায় সংশ্লিষ্ট পর্যায়ে প্রার্থীদের বিষয়ে সুপারিশ পাঠানো হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার বলেন, যোগ্য, ত্যাগী, জনপ্রিয় ও স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্য নেতৃত্বকে সামনে আনাই এ প্রক্রিয়ার মূল লক্ষ্য। যারা দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং এলাকার মানুষের পাশে থেকেছেন, তাদের রাজনৈতিক ও সামাজিক ভূমিকা যথাযথভাবে মূল্যায়ন করা হবে।

তিনি পটিয়ার ১৭ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত জমা দিয়ে যাচাই-বাছাই প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী ও শাহাদাত হোসেন সুমন।

এএইচ

ksrm