চট্টগ্রামের পটিয়ায় সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে দুটি জনগুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনামের হাত ধরে এলো এই দুই প্রকল্প।
রোববার (১ মার্চ) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে এ দুই প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়।
১৪ কোটির কাঞ্চনাবাদ-শোভনদণ্ডী-মুরালি হাট সড়ক
এলজিইডিথর প্রকল্পে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে কাঞ্চনাবাদ ইউনিয়ন থেকে শোভনদণ্ডী হয়ে মুরালি হাট পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করা হবে। দীর্ঘদিন ধরে কাঁচা ও জরাজীর্ণ অবস্থায় থাকা এই সড়কটি বর্ষা মৌসুমে জনদুর্ভোগের প্রধান কারণ ছিল।
নির্মাণকাজ শেষ হলে কৃষিপণ্য দ্রুত বাজারে পৌঁছানো, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নেওয়া সবই হবে সহজ ও নিরাপদ।
২ কোটি ২০ লাখের ভাইয়ার দীঘি মোড়-অলির হাট সড়ক
ভাইয়ার দীঘি মোড় থেকে অলির হাট পর্যন্ত ১ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২০ লাখ টাকা। বাজারকেন্দ্রিক এই সড়কটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, পটিয়ার মানুষ আমাকে যে আস্থা দিয়েছে, তার মর্যাদা রক্ষাই এখন আমার প্রধান দায়িত্ব। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া কোনো এলাকার অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। আজকের এই দুটি সড়ক প্রকল্প পটিয়ার সামগ্রিক উন্নয়নের প্রথম ধাপ মাত্র।
তিনি আরও বলেন, আমি চাই পটিয়ার প্রতিটি ইউনিয়নে সমান উন্নয়ন পৌঁছে যাক। কোনো অঞ্চল অবহেলিত থাকবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ সম্পন্ন করা হবে। এটি কেবল শুরু। পর্যায়ক্রমে পটিয়ার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্যখাতে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন এবং গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে।
উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল বলেন, এলজিইডির নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুসরণ করে সড়ক দুটি নির্মাণ করা হবে। ভবিষ্যৎ বিবেচনায় টেকসই অবকাঠামো নিশ্চিত করতে বিশেষ নজর রাখা হচ্ছে। স্থানীয় জনগণ যাতে দীর্ঘমেয়াদে সুফল পায়, সে বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী আমান উল্লাহ, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, আবদুল মাবুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি শাহজাহান জুয়েল, আনোয়ার হোসেন মিয়া, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, ছাত্রদল নেতা এস এম নয়ন।
ডিজে




