চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ এলাকায় বাণিজ্যিকভাবে চাষ করা একটি দীঘিতে বিষ প্রয়োগ করে প্রায় সব মাছ নিধন করা হয়েছে। মৎস্যচাষীরা দাবি করেছেন, প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
৪ মে (সোমবার) রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা দীঘিতে বিষ প্রয়োগ করে। পরদিন সকালে দেখা যায় পানির ওপর ভেসে আছে শত শত মৃত মাছ। পানির রং অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়ে যায়। পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের পাশের কালিচরণ দীঘিটি ৫ বছরের ইজারায় নিয়ে এসএম নয়ন, জাহেদুল ইসলাম জুয়েলসহ কয়েকজন উদ্যোক্তা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছিলেন। দীঘিতে কাতলা, রুই, মৃগেল ও তেলাপিয়াসহ প্রায় ২৫০–৩০০ মণ মাছ ছিল বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী জাহেদুল ইসলাম জুয়েল বলেন, রাতারাতি আমাদের সব শেষ হয়ে গেছে। প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই। তিনি আরও জানান, কিছুদিন আগে একজন ব্যবসায়ী ১৮ লাখ টাকায় মাছ কিনতে আগ্রহ দেখিয়েছিলেন, তবে তারা বিক্রি করেননি।
এসএম নয়ন বলেন, আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। কে বা কারা এমন নৃশংস কাজ করেছে, তা আমরা জানি না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
পটিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, হঠাৎ করে এভাবে মাছ মারা যাওয়া অস্বাভাবিক। প্রাথমিকভাবে বিষক্রিয়ার আশঙ্কা রয়েছে। পানি ও মৃত মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে এবং ল্যাব রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ/ডিজে




