চট্টগ্রামের পটিয়া উপজেলায় নতুন করে যুক্ত হয়েছেন ৪ হাজার ৭৬০ জন ভোটার। নতুন ভোটারদের অন্তর্ভুক্তির ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৪ হাজার ২৫৫ জনে। তরুণ ভোটারদের অংশগ্রহণে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে নতুন করে নির্বাচনী আগ্রহ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ।
পটিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৪ হাজার ৭৬০ জন নতুন ভোটার। এর আগে উপজেলায় মোট ভোটার ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ৪৯৫ জন। বর্তমানে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৩২৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ৯৩১ জন।
এছাড়া পূর্বের ন্যায় হিজড়া ভোটার রয়েছেন ১ জন। নতুন সংযুক্ত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ৩ হাজার ৯০৮ জন এবং নারী ভোটার বেড়েছে ৮৫২ জন। ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১ দশমিক ৪৯ শতাংশ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন, নতুন ভোটারদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও নিবন্ধনের কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ভোটার হওয়ার আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। যারা এখনও নিবন্ধনের বাইরে আছেন, তাদের দ্রুত উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার হওয়ার আহ্বান জানাচ্ছি।
ডিজে




