চট্টগ্রামের পটিয়ায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের পটিয়া বাইপাস সড়কের করল এলাকার পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহতের বয়স আনুমানিক ৪২ বছর বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ডোবার পানিতে মরদেহটি ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পটিয়া থানার এসআই মো. ইকবাল বাহারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পটিয়া থানা পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহতের পরনে থাকা পোশাক ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ডোবা থেকে উদ্ধার করা মরদেহটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। পরনে থাকা পোশাক ও অন্যান্য আলামতের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর কারণ উদঘাটনে ময়নাতদন্ত করা হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ডিজে




