জমজমাট লড়াই, দারুণ প্রতিদ্বন্দ্বিতা আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মধ্যদিয়ে চট্টগ্রামের পটিয়ায় শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে হ্যান্ডবল বালিকা ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ এবং বালক ইভেন্টেও রানার্সআপ হয়েছে তারা।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে পটিয়া উপজেলা পরিষদ খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। উদ্বোধনের পর মাঠে নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা। কাবাডি, হ্যান্ডবল, দাবা ও সাঁতার এই চারটি ইভেন্টে পটিয়া উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও পটিয়ার শিক্ষার্থীরা সাফল্য অর্জন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দীপন কান্তি দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ব্যানবেইস অফিসের সহকারী প্রোগ্রামার তাহমিদা আকতার।
এদিকে হ্যান্ডবলে দ্বিমুখি সাফল্য পেয়েছে এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। বালিকা হ্যান্ডবল দল প্রতিপক্ষকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই প্রতিযোগিতায় বালক হ্যান্ডবল দল রানার্সআপ হয়েছে।
এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক বলেন, শিক্ষার্থীদের এই অর্জন প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিষ্ঠান সবসময় উৎসাহ ও সহযোগিতা দিয়ে আসছে। তিনি বিজয়ী বালিকা দল এবং রানার্সআপ বালক দলের খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় কাবাডি, হ্যান্ডবল, দাবা ও সাঁতার ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। সোমবার (৭ সেপ্টেম্বর) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের এ ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি হবে।
ডিজে




