পটিয়ায় খাল ভাঙন ঠেকাতে ব্লক বসানোর নির্দেশ এমপির

চট্টগ্রামের পটিয়ার চামুদরিয়া খালের ভাঙনে ঘরবাড়ি হারানো লাউয়ারখীলের পরিবারগুলোর পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম। ভাঙন ঠেকাতে ঝুঁকিপূর্ণ অংশে দ্রুত ব্লক বসানোর নির্দেশ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডকে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে শোভনদণ্ডী ইউনিয়নের লাউয়ারখীল এলাকায় গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এমপি এনাম। এ সময় স্থানীয়রা খালের ভাঙনে বসতভিটা হারানো, বর্ষায় আতঙ্ক এবং দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনার কথা তুলে ধরেন।

স্থানীয়দের অভিযোগ, চামুদরিয়া খালের প্রবল স্রোত ও ভাঙনে ইতোমধ্যে বেশ কয়েকটি পরিবার ঘরবাড়ি ও জায়গা-জমি হারিয়েছে। বর্ষা এলেই নতুন করে ভাঙনের আশঙ্কায় দিন কাটে তাদের। তারা ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবি জানান।

ভুক্তভোগীদের কথা শুনে ঘটনাস্থল থেকেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে ফোনে কথা বলেন এমপি এনাম। লাউয়ারখীল অংশে দ্রুত ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় ব্লক বসানোর উদ্যোগ নিতে নির্দেশ দেন তিনি।

এনামুল হক এনাম বলেন, মানুষের কষ্ট লাঘব করাই জনপ্রতিনিধির দায়িত্ব। খালের ভাঙনে যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের পাশে থাকা হবে। কোনো পরিবার যেন গৃহহীন অবস্থায় মানবেতর জীবনযাপন না করে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশে কেউ গৃহহীন থাকবে না-প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে পটিয়ার অসহায়, ভূমিহীন ও গৃহহীন মানুষের পাশে তিনি রয়েছেন। উন্নয়ন কোনো দল বা মতের জন্য নয়, এটি সবার অধিকার।

খালের ভাঙন প্রসঙ্গে তিনি বলেন, স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা জরুরি। পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে বলা হয়েছে। দ্রুত ব্লক বসানোসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার বিষয়টিও দেখা হবে।

এএইচ

ksrm