পটিয়ায় কমিউনিটি সেন্টারে বন্দি যুবককে ৩ দিন পর উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রামের পটিয়ায় সড়ক থেকে অপহরণের তিনদিন পর একটি কমিউনিটি সেন্টার থেকে রেজাউল করিম নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে কমিউনিটি সেন্টার থেকে রেজাউলকে উদ্ধার করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ৯ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে পটিয়ার শান্তিরহাট বাজার এলাকার সড়ক থেকে একদল দুর্বৃত্ত জোরপূর্বক রেজাউলকে (২৬) তুলে নিয়ে যায়। পরে তাকে পার্শ্ববর্তী নূরজাহান কমিউনিটি সেন্টারে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে।

অপহরণের খবর পাওয়ার পর পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক ও ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে।

এ সময় ঘটনাস্থল থেকে মো. জুনায়েদ (৩১) ও আব্দুর রহিম (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। জুনায়েদ পটিয়ার জিরি ইউনিয়নের কাজী বাড়ি এবং আব্দুর রহিম কুসুমপুরা ইউনিয়নের উজির বাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আরও ৩-৪ জন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান শুরু করে। দ্রুত পদক্ষেপের কারণে ভুক্তভোগীকে জীবিত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পটিয়া থানায় অপহরণ মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ

ksrm