মেয়ের অসুস্থতার কারণে পরিবার নিয়ে হাসপাতালে ছিলেন সাবেক ইউপি সদস্য প্রবীর ভট্টাচার্য। এই সুযোগে তার চাচা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবুল ভট্টাচার্যকে বেঁধে রড দিয়ে পিটিয়ে ৬ ভরি স্বর্ণ ও প্রায় সাড়ে ৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতের দল।
বুধবার( ২৬ আগস্ট) পটিয়ার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামে ইউপি সদস্য প্রবীর ভট্টাচার্যের বাড়িতে রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত বাবুল ভট্টাচার্য (৭৮) পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রবীর ভট্টাচার্যের মেয়ে প্রসূতি হওয়ায় পরিবারের সবাই চট্টগ্রাম নগরের একটি ক্লিনিকে ছিলেন। বাড়ির পাশের ঘরে একাই ছিলেন বাবুল ভট্টাচার্য।
রাতের দিকে সাত থেকে আটজন মুখোশধারী অস্ত্রধারী ব্যক্তি প্রবীরের বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। বিষয়টি দেখে ফেললে বাবুলকে অস্ত্রের মুখে জিম্মি করে তার ভাতিজার ঘরে নিয়ে যায় তারা।
সেখানে রশি দিয়ে তার হাত-পা বেঁধে রড দিয়ে মারধর করা হয়। এরপর আলমারি ভেঙে প্রায় ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় সাড়ে ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
প্রবীর ভট্টাচার্য জানান, লুট হওয়া টাকার মধ্যে জমি কেনার জন্য দুই দিন আগে ব্যাংক থেকে তোলা চার লাখ টাকাও ছিল। বাকি টাকা আগে থেকেই ঘরে রাখা ছিল।
আহত বাবুল ভট্টাচার্য বলেন, রাতে উঠানে বের হয়ে তিনি সাত থেকে আটজন অস্ত্রধারীকে দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই তাকে জিম্মি করে মারধর শুরু করে তারা। সবাই মুখোশ পরা থাকায় কাউকেই চিনতে পারেননি তিনি।
পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি চুরি বলে মনে হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এএইচ




