ন্যাশনাল হাসপাতালের পার্কিংয়ে ওয়াশিং প্ল্যান্ট, নকশা ছাড়াই ভবন তৈরি পপুলারের

চট্টগ্রামের মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতাল অনিয়ম পেয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। তাদের নকশায় ৫০টি পার্কিং দেখানো হলেও বাস্তবে মিলেছে ২৮টির অস্তিত্ব। এছাড়া আবাসিক-কাম-বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়েই হাসপাতাল চালানো হচ্ছে। এছাড়া তাদের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও অপ্রতুল। জরুরি বহির্গমনের সিঁড়িতে পড়েছিল ময়লার স্তূপ।

ন্যাশনাল হাসপাতালের পার্কিংয়ে ওয়াশিং প্ল্যান্ট, নকশা ছাড়াই ভবন তৈরি পপুলারের 1

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিভিন্ন হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে সিডিএর অভিযানে এসব চিত্র ধরা পড়ে।

অভিযানে দেখা গেছে, ন্যাশনাল হাসপাতালের ভবনটি আবাসিক-কাম-বাণিজ্যিক হিসেবে অনুমোদন নেওয়া। এছাড়া তাদের অনুমোদন পাওয়া নকশায় ৫০টি গাড়ি পার্কিংয়ে রাখা যাবে হিসেবে উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া গেছে ২৮টি পার্কিং স্লট।

এছাড়া পার্কিংয়ের একাংশে ওয়াশিং প্ল্যান্টসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল অপ্রতুল। একমাত্র জরুরি ফায়ার সিঁড়িতে ময়লার স্তূপ দেখা যায়।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ এক মাসের মধ্যে পার্কিং সম্পূর্ণ অবমুক্ত করা, পার্কিং সংখ্যা অন্তত ৩৫টিতে উন্নীত করা এবং পার্শ্ববর্তী জমি অধিগ্রহণ করে অতিরিক্ত পার্কিং নির্মাণের আশ্বাস দিয়েছে।

নকশা ছাড়াই ভবন তৈরি পপুলারের

৪০ ফুট খোলা জায়গা দখলে নিয়ে ভবন নির্মাণ করছে পপুলার হাসপাতাল। আবাসিক-কাম-বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে চলছে প্রতিষ্ঠানটি।

অভিযানে আরও দেখা যায়, পপুলারের মূল ভবনের সঙ্গে পাশের আরেকটি ভবন সংযুক্ত করা হচ্ছে। তবে ওই সংযুক্ত করা অংশের কোনো অনুমোদিত অংশ তারা দেখাতে পারেনি।

রোগীদের গাড়ি রাখার ব্যবস্থা নেই ম্যাক্সে

সন্ধ্যা হলেই চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী মোড় থেকে মেহেদীবাগমুখি সড়কে যানজটের নরকযন্ত্রণায় ভোগেন সাধারণ মানুষ। বিশেষ করে সড়কের ম্যাক্স হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতাল অংশ পার হতে বেশি বেগ পেতে হয়। এর মধ্যে ম্যাক্স হাসপাতালের পার্কিংয়ে নেই রোগী ও রোগীর স্বজনদের গাড়ি রাখার ব্যবস্থা। ফলে সড়কেই গাড়ি রেখে চলে যান তারা।

অভিযানে দেখা গেছে, ম্যাক্স হাসপাতালের পার্কিংয়ে রোগীদের কোনো গাড়ি নেই। বেশিরভাগই চিকিৎসকদের গাড়ি। পার্কিংয়ের জায়গা দখল করে আছে অন্যান্য স্থাপনা। একইসঙ্গে পার্কিং জায়গায় তৈরি করা হয়েছে নামাজের জায়গা।

হাসপাতালের সামনের যে অংশ সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তা অপসারণ করে রোড লেভেলে আনতে তাদের নির্দেশনা দিয়েছে সিডিএ। ওই জায়গায়ও পার্কিং ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অপ্রতুল দেখা গেছে।

এছাড়া অভিযানে চট্টগ্রাম নগরীর মেডিকেল মেইন গেট এলাকার ইপিক হাসপাতালের এক্সটেনশন ভবনের সব ধরনের কার্যক্রম দ্রুত বন্ধ করার নির্দেশও দেওয়া হয়।

পরিদর্শন শেষে আগামী সোমবার হাসপাতালগুলোকে অনুমোদিত নকশা, ভূমি ব্যবহার ছাড়পত্র এবং আনুষাঙ্গিক কাগজপত্র নিয়ে সিডিএতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিজে

ksrm