হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির এবং বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ সরোয়ার কামাল আজিজী শুক্রবার (৮ মে) বিকেল পাঁচটার দিকে আসরের নামাজের সময় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
মাওলানা সরোয়ার কামাল আজিজী শাহ ওয়ালী উল্লাহ একাডেমি চট্টগ্রামের পরিচালক এবং জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম কওমি মাদ্রাসা পদুয়ার মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও সাত কন্যাসহ অসংখ্য শিষ্য, অনুরাগী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল শনিবার দুপুর দুইটায় চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ঠাকুরদিঘী জামিয়াতুল আনওয়ার হেমায়েতুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মাওলানা সরোয়ার কামাল আজিজী ১৯৪৭ সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। স্থানীয় ইসলামিয়া কওমি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও ডিগ্রি অর্জন করেন।
ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ সময় সক্রিয় ছিলেন তিনি। জমিয়তে তোলাবায়ে আরাবিয়া মুসলিম ছাত্র পরিষদের অন্যতম দায়িত্বশীল হিসেবে কাজ করেছেন। ১৯৮১ সালে নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নিযুক্ত হন। পরে ১৯৮৪ সালে যুগ্ম আহ্বায়ক এবং ২০০৭ সালে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত মজলিসে শুরার সভায় তিনি দলের আমির নির্বাচিত হন।
ধর্মীয় শিক্ষার সম্প্রসারণ ও দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাওলানা সরোয়ার কামাল আজিজী। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নেজামে ইসলাম পার্টির কর্মকাণ্ডের পাশাপাশি পদুয়া হেমায়েতুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া চট্টগ্রামে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মাওলানা সরোয়ার কামাল আজিজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে খেলাফত মজলিস। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই শোক জানান। খেলাফত মজলিস নেতৃদ্বয় বিবৃতিতে মহান আল্লাহর দরবারে মরহুমের রূহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




