নিজের সাজানো অপহরণ নাটকে টেকনাফ থেকে উদ্ধার চট্টগ্রামের হানিফ

মুক্তিপণের ভিডিও বানিয়ে প্রতারণার চেষ্টা

কক্সবাজারের টেকনাফে নাটকীয় এক অভিযানে উদ্ধার হলো চট্টগ্রামের কথিত অপহৃত ব্যক্তি মো. আবু হানিফ। শনিবার (২২ নভেম্বর) গভীর রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় চার ঘণ্টার অনুসন্ধানের পর সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জা পাড়ার ঝাউবাগান থেকে তাকে উদ্ধার করে টেকনাফ মডেল থানা পুলিশ। হাটহাজারী মডেল থানায় করা জিডির সূত্রেই এই অভিযান শুরু হয় বলে জানান ওসি আবু মোহাম্মদ জায়েদ নূর।

নিজেই সাজালেন অপহরণ, লক্ষ্য মুক্তিপণ

পুলিশ জানায়, গত ১৩ নভেম্বর সকালে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া কাজীপাড়া থেকে বের হওয়ার পর হানিফ স্বেচ্ছায় আত্মগোপনে যান। জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য অশান্তি, পারিবারিক দ্বন্দ্ব এবং প্রথম স্ত্রীকে না জানিয়ে টেকনাফের নুরুল হাকিমের বিধবা মেয়ে সানজিদা বেগমকে দ্বিতীয়বার বিয়ে করায় তিনি নিজের অবস্থান লুকিয়েছিলেন।

পরিকল্পনা অনুযায়ী তার শ্যালক কাসিমকে দিয়ে হাত–পা বেঁধে ঝাউবাগানের গাছে বেঁধে ভিডিও ধারণ করান হানিফ। সেই ভিডিও পরিবারকে পাঠিয়ে দাবি করা হয় চার লাখ টাকা মুক্তিপণ। উদ্ধারকালে ভিডিও, দুটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়।

হানিফ জানান, মুক্তিপণ হাতে পেলেই দ্বিতীয় স্ত্রী ও সৎ দুই সন্তানকে নিয়ে মালয়েশিয়া পালানোর পরিকল্পনা ছিল তার।

রুদ্ধশ্বাস অভিযান

এ অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল বড়ুয়া এবং অপারেশন ওসি কামাল হোসেন। উদ্ধার শেষে হানিফকে তার সহোদর ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে এবং পুরো ঘটনার বিষয়ে হাটহাজারী মডেল থানাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

ksrm