চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজের জীবন দিয়েও কন্যা সন্তানকে বাঁচাতে পারলেন না মা। চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে দুই বছরের সন্তানকে বাঁচাতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। এই ঘটনায় তার মেয়ে ইয়াসাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
নিহত তারিন আক্তার (২৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পাহাড়িয়াকান্দি এলাকার মো জাকির হোসেনের মেয়ে। নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ছিলেন।
শুক্রবার (১৫ মে) রাত ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারিন আক্তার শুক্রবার স্বামী ও ২ বছর বয়সী সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ভাটিয়ারীতে একটি মেলায় বেড়াতে এসেছিলেন। রাতে বাসায় ফেরার পথে দুর্ঘটনা ঘটে। শিশুসন্তানকে মাঝখানে বসিয়ে পেছনে বসেছিলেন তারিন।
তবে অসাবধানতাবশত শিশুটি মোটরসাইকেল থেকে পড়ে যায়। এ সময় সন্তানকে বাঁচাতে গিয়ে তারিনও সড়কে পড়ে যান। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন।
ডিজে



