চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে নিখোঁজের দু’দিন পর লিফটের নিচ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হত্যা, নাকি দুর্ঘটনা তা জানতে কাজ করছে পুলিশ।
শনিবার (২৩ মে) পাঠানটুলির খান বাড়ির একটি ভবনের লিফটের নিচ থেকে মো. মাশফিক নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বৃহস্পতিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাশফিক বাসা থেকে বের হন। এরপর রাত ২টার দিকে তাকে আবার ভবনে প্রবেশ করে লিফটে ওপরে উঠতে দেখা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
শনিবার সকালে ভবনের ১০ তলার লিফটের দরজা ভাঙা অবস্থায় দেখে সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে লিফটের নিচ থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান জানান, ভবনটির বাসিন্দাদের ফোন পেয়ে দুপুরে লাশটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় লিফটের নিচের অংশ খুলে লাশটি বের করে আনা হয়।
তিনি আরও জানান, এটাকি পরিকল্পিত হত্যা নাকি দুর্ঘটনা, তা জানতে কাজ শুরু করেছে পুলিশ। ভবনটির সিসিটিভি ফুটেজসহ বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিজে




