না ফেরার দেশে সাংবাদিক রশীদ মামুনের বাবা, সাংবাদিক অঙ্গনে শোক

চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক রশীদ মামুনের পিতা আবদুল বারিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

পটিয়ার বাসিন্দা আবদুল বারিক কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের সাবেক সচিব ছিলেন। সৎ, বিনয়ী ও মানবিক কর্মকর্তা হিসেবে তিনি সর্বমহলে সম্মানিত ছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য বিভিন্ন ব্যাধিতে ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে প্রথমে সিসিইউ এবং পরে আইসিইউতে রাখা হয়।

আসরের নামাজের পর পটিয়ার হুলাইন মুসা খা জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাংবাদিক রশীদ মামুনের পিতার মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক গভীর শোক প্রকাশ করেন। শোক জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ।

সাংবাদিক নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ksrm