চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার জন্য নালা-খালে ময়লা ফেলা, অবৈধ দখল ও পরিচ্ছন্নতা কার্যক্রমে বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।যারা নালায় বর্জ্য ফেলবে ও পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১০ মে) নগরীর দেওয়ানবাজার ও জামাল খান ওয়ার্ডে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার কার্যক্রমের ক্র্যাশ প্রোগ্রাম পরিদর্শনে গিয়ে এ হুঁশিয়ারি দেন মেয়র।
প্রতিদিনের কর্মসূচি অনুযায়ী সকাল ১১টায় সাব-এরিয়া এবং সকাল সাড়ে ১১টায় রহমতগঞ্জ ও মিডটাউন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় মেয়র বলেন, পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের কাজ চললেও তা এখনো পর্যাপ্ত নয়। ভারী বর্ষণ হলে এসব এলাকায় আবারও জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হতে পারে। তাই দ্রুত মাটি অপসারণসহ চলমান কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন তিনি।
এ সময় ৩৪ ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং টিমকে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করতে বলেন মেয়র। তিনি বলেন, নগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে অসচেতনভাবে নালা-খালে ময়লা ফেলা। এতে পানি চলাচল বাধাগ্রস্ত হয়ে সামান্য বৃষ্টিতেই জলজট তৈরি হয়। শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে এ সমস্যা সমাধান সম্ভব নয় উল্লেখ করে মেয়র বলেন, নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে।
মেয়র আরও বলেন, যারা নালা-খালে ময়লা ফেলবে, অবৈধ দখল করবে কিংবা পরিচ্ছন্নতা কার্যক্রমে বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে সিটি কর্পোরেশন।
এএইচ/ডিজে




