চট্টগ্রামের নন্দীরহাটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে অশোকষষ্ঠীর দিন মাতৃবরণ ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৪টায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজার আনুষ্ঠানিক সূচনা করেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বাসনা রানী মুহুরী।
২৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত চলমান এ পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ চক্রবর্তীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন তিনি নিজেই। অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎসব উদযাপন সম্পাদক সুজন কুমার ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিপ্রা মহাজন।
এ সময় বক্তব্য দেন সেবাশ্রম বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান প্রকৌশলী ঝুলন কুমার দাশ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী। শান্তি মন্ত্র পাঠ করেন ট্রাস্ট সদস্য দীলিপ চক্রবর্তী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সহসভাপতি রতন কুমার দাশ, সুব্রত ভৌমিক, চন্দন সিংহ, উজ্জ্বল আইচ, আশীষ দাশ, স্বপন কুমার দাশ, দয়াল হরি চৌধুরী, রঞ্জয় সিংহ বাবু, রিপন দত্ত, প্রবাস বিকাশ রুদ্র, সবুজ গুপ্ত, রিমন গুপ্ত, রুপক দাশ, রনজিত নাথ, শুভ মল্লিক, টিটু দাশ, কিরণ শীল, রিদয় রুদ্র, উর্মি আইচ, শুভ্রা তালুকদার, মনিষা রক্ষিত, পম্পি দেওয়ানজী ও শেলী ভৌমিকসহ অনেকে।
উদ্বোধনের দিন সন্ধ্যায় সম্পন্ন হয় শ্রীশ্রী বাসন্তী দেবীর অধিবাস।
পাঁচ দিনব্যাপী পূজা উপলক্ষে মহাসপ্তমীর সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ মহাঅষ্টমীতে সকালে চণ্ডী পাঠ, চণ্ডী কীর্তন ও শিব ভজন এবং সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২৭ মার্চ মহানবমীতে সকালে মাতৃ সম্মেলন, আলোকিত নারী সম্মাননা প্রদান এবং শ্রীশ্রী অন্নপূর্ণা প্রসাদ রন্ধনশালার উদ্বোধন করা হবে। সন্ধ্যায় আয়োজন করা হবে সংগীতাঞ্জলি ও ভায়োলিন সন্ধ্যার।
শেষ দিন ২৮ মার্চ দশমীতে মাতৃ নিরঞ্জনের মধ্য দিয়ে বাসন্তী পূজার সমাপ্তি ঘটবে। আয়োজকরা এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালায় সবার উপস্থিতি কামনা করেছেন।




