নতুন ব্রিজে ড্রেজারে ঝুলছিল লাশ, টেরিবাজারের কর্মচারীর মৃত্যু নিয়ে রহস্য

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভেসে থাকা এক যুবকের মরদেহ আটকে ছিল বালুর ড্রেজারে—শেষ পর্যন্ত নৌ-পুলিশের হাতে উদ্ধার হলো সেই লাশ। এই মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কর্ণফুলীর নতুন ব্রিজের নিচে ড্রেজারের সঙ্গে আটকানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের ওসি মো. মিজানুর রহমান।

নিহত শাহরিয়ার ফাহাদ (২১) সাতকানিয়ার বরলিয়া ইউনিয়নের বরলিয়া পাড়া এলাকার প্রবাসী ছৈয়দ মুসা বাদশার ছেলে। নগরীর টেরিবাজারে একটি কাপড়ের দোকানে কাজ করতেন তিনি।

নৌ-পুলিশ জানায়, ‘৯৯৯’-এ পাওয়া খবরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে প্যান্টের পকেটে থাকা পাসপোর্ট দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে এবং নদীতে ভাসতে ভাসতে ড্রেজারের সঙ্গে আটকে পড়ে মরদেহটি।

নিহতের ছোট ভাই শাহরিয়ার আহাদ জানান, সপ্তাহখানেক আগে দোকান মালিকের সঙ্গে ফাহাদের বিরোধ হয়। মালিক তার বিরুদ্ধে কাপড় চুরির অভিযোগ তুলেছিলেন। এরপর ৪-৫ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।

শুক্রবার সকালে নদীতে তার মরদেহ উদ্ধারের খবর পান তারা।

সদরঘাট নৌ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান।

জেজে/ডিজে

ksrm