নতুন মোটরসাইকেল কিনে বৃষ্টির মধ্যেই বাড়ি ফিরছিলেন দুই বন্ধ। কিন্তু পথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি লরির পেছনে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)।
স্বজনরা জানান, শুক্রবার রাতে শুভ তার বন্ধু ওমরকে সঙ্গে নিয়ে বারৈয়ারহাট বাজার থেকে নতুন একটি মোটরসাইকেল কেনেন। এরপর সেটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়। গুরুতর আহত ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়।
নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, শুভ ও ওমর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পড়াশোনার পাশাপাশি তারা আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন। নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার সময়ই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরজনের বিষয়ে তখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলসহ এলাকায় পুলিশের সদস্য পাঠানো হয়েছে।
এএইচ/ডিজে




