নতুন পোশাক আর ঈদের খাবার হাতে পেল শিশুরা, রোটারেক্ট ক্লাবের ‘অমৃত হাসি’

চট্টগ্রামের বায়েজিদের ড্রিম টাওয়ারের প্রাঙ্গণে শনিবার (১৪ মার্চ) বিকেলে জমে ওঠে এক ভিন্নধর্মী আয়োজন। ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক ও খাদ্যসামগ্রী। রোটারেক্ট ক্লাব অব চিটাগং হেরিটেজের উদ্যোগে অনুষ্ঠিত হয় তাদের বহুল প্রতীক্ষিত মানবিক আয়োজন ‘অমৃত হাসি–৩য় পর্ব’।

ড্রিমল্যান্ড আবাসিক এলাকার ড্রিম টাওয়ারে আয়োজিত এ কর্মসূচি চলে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের মাঝে নতুন পোশাক ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব চিটাগং হেরিটেজের সভাপতি রোটারেক্টর মো. শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক সামিদ মাহমুদ তুষার, সহসভাপতি ফাতেমা নিশাত, প্রাক্তন সভাপতি সালমান হোসেন আকাশ, কোষাধ্যক্ষ ইশতেহার ফারহানা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আযহারুল হক শাকিল, সার্জেন্ট অ্যাট আর্মস আফসারুল রাফি, সদস্য আশিকুর রহমান ও আশরাফুন নেসা।

এ ছাড়া স্পন্সরিং রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের সভাপতি রোটারিয়ান কাজি হাসানুজ্জামান শান্টু এবং রোটা কিডস কাজী সালেহিন জামান ইসমাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, এই আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ksrm