চট্টগ্রাম নগরীতে প্রতিদিনই শনাক্ত হচ্ছে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী। এ মাসের ২৮ দিনেই শনাক্ত হয় ৬১ রোগী। নতুনভাবে রোববার (২৮ জুলাই) আরো ৭ ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ও বেসরকারি ম্যাক্স হাসপাতালে দুইজন এবং পর্কিভিউ হাসপাতালে তিন রোগী শনাক্ত হয়।
নগরীতে গত ছয় মাসে শনাক্ত হয় মাত্র তিন রোগী। কিন্ত এ মাস শেষ না হতেই শনাক্ত হয়েছে ৬১ ডেঙ্গু আক্রান্ত। প্রতিদিনই বেড়ে চলেছে এ সংখ্যা।
সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন,‘নতুন করে আরও ৭ রোগীর তথ্য পেয়েছি। এ পর্যন্ত নগরীতে ৬১ ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে সর্তক থাকতে হবে আমাদের। আমরা প্রতিদিনই রির্পোট করছি। গত দুই বছরের তুলনায় এ বছর সংখ্যাটা কম। অন্তত ঢাকার মতো মহামারি নেই।
তিনি আরও বলেন, উপজেলাগুলোতে বিনামুল্যে রক্ত পরীক্ষার জন্য ঢাকা থেকে রক্ত পরীক্ষার কিট, রিএজেন্টসহ চিকিৎসা সামগ্রী আনা হয়েছে। এসব চিকিৎসা সামগ্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পাঠানো হয়েছে। সোমবার থেকে রোগীরা সেবা পাবেন।
এসআর/এসএস



