চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণকাণ্ডে গ্রেপ্তারের পর এবার পদ খোয়ালেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মো. আফতাব মজুমদার। তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এনসিপির চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ ওঠায় দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধান অনুযায়ী এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে মো. আফতাব মজুমদারকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৩ জুলাই থেকেই এই আদেশ কার্যকর হয়েছে। এখন থেকে দলের কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত বা পরিচয়ের সঙ্গে উক্ত ব্যক্তির কোনো প্রকার সম্পর্ক থাকবে না।
এরআগে চট্টগ্রামের আগ্রাবাদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় আফতাবকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি সূত্র অনুযায়ী, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের এক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় আফতাবের। একপর্যায়ে সম্পর্কের ঘনিষ্ঠতা তৈরি হলে আফতাব ওই শিক্ষার্থীকে বিয়ের আশ্বাস দেন।
এজাহারে বলা হয়, গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও এলাকার ‘সুইট প্যালেস’ নামে একটি আবাসিক হোটেলের কক্ষে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আফতাব। ওই শিক্ষার্থী বিয়ের তাগিদ দিলে আফতাব তা অস্বীকার করে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরে অনুসন্ধানে ভুক্তভোগী জানতে পারেন, অভিযুক্ত আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।
ঘটনার পর গত ১৯ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
বিএস/ডিজে




