চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় আরাফাত হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম (২৮)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা। স্ত্রী মামুনী বেগমকে (২৪) গুরুতর অবস্থায় প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতির মোটরসাইকেল (চট্ট মেট্রো-ল ২১-১৬৫১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মনিরুল ইসলাম নিহত হন।
নিহত মনিরুল ও আহত মামুনী দম্পতি চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। কাজের ছুটিতে তারা মোটরসাইকেলে করে কোথাও যাচ্ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তবে পিকআপ চালক ও গাড়িটি এখনও শনাক্ত করা যায়নি।





