দৈনিক প্রলয় পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সাংবাদিক মো. খায়রুল আলম রফিক।
সম্প্রতি ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়।
মামলার আসামিরা হলেন— দৈনিক প্রলয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোজিনা আক্তার (৩৪), প্রধান সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা (৪২), নির্বাহী সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪৫), যুগ্ম সম্পাদক মো. আনিসুর রহমান (৩৫), বার্তা সম্পাদক আবু তাহের (৩৫), ব্যবস্থাপনা সম্পাদক আতিকুর রহমান শিপন (৪৫) এবং
পত্রিকাটির ময়মনসিংহ প্রতিনিধি।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে মো. খায়রুল আলম রফিকের ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানোর হয়েছে। এছাড়া দৈনিক প্রলয় পত্রিকার প্রথম পাতায় ত্রিশালের সাবেক এমপি আনিছুজ্জামানের পিএস ও নারী ব্যবসায়ী হিসেবে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগও রয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে আনিসুর রহমান, শহিদুল ইসলামসহ অন্যান্য আসামিরা সাংবাদিক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার ব্যক্তি ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।
এছাড়া দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক সিনিয়র সাংবাদিক খায়রুল আলম রফিকের ছবি দিয়ে দেয়ালে পোস্টারিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের ‘ক্যাশিয়ার’ ইমরান মেহেদী হাসানকেও এ মামলায় আসামি করা হয়েছে।




