দেওয়ানহাটের আলিফ রেস্টুরেন্ট ও ক্যাফে আরমানের ফ্রিজে বাসি খাবার, রান্নাঘর অস্বাস্থ্যকর

গ্র্যান্ড তাজমহল হোটেলের মরিচে ক্ষতিকর কেমিক্যাল

চট্টগ্রামের দেওয়ানহাটে আলিফ রেস্টুরেন্ট ও ক্যাফে আরমানে ফ্রিজের মধ্যে বাসি খাবার পাওয়া গেছে। একইসঙ্গে তারা এসব খাবারের পাশাপাশি কাঁচা মাছ-মাংসও সংরক্ষণ করে রাখে। তাদের রান্নাঘরের চিত্র অপরিচ্ছন্ন হওয়ায় প্রতিষ্ঠান দুটিকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে গ্র্যান্ড তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অননুমোদিত ক্ষতিকর রং মেশানো কাশ্মীরি মরিচ ব্যবহারের পাশাপাশি পচা এব দুর্গন্ধযুক্ত খাদ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রেস্টুরেন্ট তিনটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে গ্র্যান্ড তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রান্না করা বাসি মুরগির চাপ, মুরগির মাংস, খিচুড়িসহ বিভিন্ন খাবার অপরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণ করতে দেখা যায়। রেস্টুরেন্টটির ফ্রিজে কাঁচা মাছ ও মাংসের সঙ্গে রান্না করা খাবারও একইভাবে রাখা হয়েছিল।

আলিফ রেস্টুরেন্টের ফ্রিজে রান্না করা বাসি খাবারের সঙ্গে কাঁচা মাছ-মাংস রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এমনকি খাবারের মধ্যে তেলাপোকার বিচরণও দেখা গেছে। এজন্য তাদের ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে ক্যাফে আরমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিতে রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করা হচ্ছিল।

চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, খাদ্যে অনুমোদনহীন ক্ষতিকর রং ব্যবহার এবং পচা-বাসি খাবার সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। একইভাবে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করাও ভোক্তাদের জন্য ক্ষতিকর।

তিনি আরও জানান, এসব অনিয়ম প্রতিরোধে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির বিষয়ে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দেওয়ানহাট আসকারাবাদের বাসিন্দা ব্যবসায়ী আবু সালেহ বলেন, আলিফ রেস্টুরেন্ট ভোজনরসিকদের আস্থার অর্জন করেছিল। কিন্ত ভোক্তা অধিকারের অভিযানে রান্নাঘরের যে চিত্র বেরিয়ে এসেছে, তাতে আমার মনে রেস্টুরেন্ট নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলো।

এদিকে অভিযানের অংশ হিসেবে দেওয়ানহাট মোড় এলাকার কয়েকটি ফলের দোকানেও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত উপায়ে ফল সংরক্ষণ ও বিক্রির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

আইএমই/ডিজে

ksrm