শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটির সাথে সর্বশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরেআলম মিনা।
অনুষ্ঠানে জেলার ১৬ থানার অফিসার ইনচার্জ এবং ১৬ থানার পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন,‘শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। গুরুত্ব অনুসারে পূজা মন্ডপগুলোকে অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ এ তিন শ্রেণিতে বিভক্ত করে সে অনুপাতে অফিসার-ফোর্স মোতায়েন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
পূজা উপলক্ষে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা পোষাকী পুলিশ, ডিবি পুলিশ ও সাদা পোষাকের পুলিশ মোতায়েন থাকবে। নিরাপত্তার প্রথম স্তর হবে প্রত্যেক মন্ডপ ভিত্তিক নিরাপত্তা, দ্বিতীয় স্তরে ৫-৭টি মণ্ডপের জন্য একটি টহল দল ও তৃতীয় স্তরে পুলিশ পরিদর্শক, অফিসার ইনচার্জদের তদারকি টিম নিয়োজিত থাকবে, চতুর্থ স্তরে থাকবে জেলা সদরের ডিবি, স্পেশাল টিম ও ডিএসবি এবং পঞ্চম স্তরে সার্কেলের অতিরিক্ত এসপি এবং বিভাগের অতিরিক্ত এসপিরা সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন।
সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক জানান, চট্টগ্রাম জেলার ১৫ উপজেলার ১৬টি থানায় সব পূজামণ্ডপের নিরাপত্তায় ৩ হাজার পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি থাকবে আনসার সদস্যও। পাশাপাশি কয়েকটি পূজামণ্ডপ মিলে থাকলে পেট্রোল টিমও। তারা ঘুরে ঘুরে পূজামণ্ডপগুলো মনিটরিং করবে। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপারদেরকেও সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে।
এইচটি/এসএস




