দুবাইয়ে প্রবাসী সিআইপিদের নতুন সংগঠন, বাংলাদেশে হাসপাতাল ও স্কুল গড়ার পরিকল্পনা

শিক্ষা–স্বাস্থ্যে যৌথ বিনিয়োগের উদ্যোগ

সংযুক্ত আরব আমিরাতে নির্বাচিত বাংলাদেশি কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি) সম্মানপ্রাপ্ত ব্যবসায়ীরা বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যৌথ বিনিয়োগের উদ্যোগ নিয়েছেন। দুবাইয়ে ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই’-এর আত্মপ্রকাশের মধ্য দিয়ে তারা দুবাইয়ে একটি বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে কাজ শুরুর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ সরকারের কাছে যৌথ বিনিয়োগ প্রস্তাব পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আহবায়ক মোহাম্মদ রুবেল এবং সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন
আহবায়ক মোহাম্মদ রুবেল এবং সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন

রোববার (২৮ জুন) রাতে দুবাইয়ের একটি অভিজাত রেস্তোরাঁয় সিআইপি ও আবির বাংলাদেশের বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নতুন এই সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়। পরে সর্বসম্মতিক্রমে সিআইপি মোহাম্মদ রুবেল হোসেনকে আহ্বায়ক এবং সিআইপি মোহাম্মদ সেলিম উদ্দিনকে সদস্য সচিব করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন এটিএন বাংলার সাবেক এডিটর ও ‘দুনিয়ার গল্প’-এর সম্পাদক কেরামতউল্লাহ বিপ্লব, নজরুল ইসলাম সিআইপি, মাহবুবুল আলম সিআইপি, মঞ্জুরুল হক সিআইপি, শামসুজ্জামান সিআইপি, মোহাম্মদ মহিউদ্দিন সিআইপি, মোহাম্মদ ইলিয়াস হোসেন সিআইপি, ব্যবসায়ী রিয়াজুল ইসলাম ফিহান, মাহমুদুল ইসলাম ফেরদৌস, মাইনুল ইসলাম, এনামুল হক এবং সাংবাদিক শিবলী আল সাদিক, সিরাজুল হক, খোরশেদুল আলম জাসেদ ও ফখরুদ্দিন মুন্না।

সভায় আগামী এক মাসের মধ্যে ২০২৫–২৬ সালে নির্বাচিত সিআইপিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন, একটি স্মারক ম্যাগাজিন প্রকাশ, পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন, সিআইপি ও ব্যবসায়ীদের সমন্বয়ে ১০০ জন বিনিয়োগকারীর তালিকা প্রস্তুত এবং বাংলাদেশ সরকারের কাছে যৌথ বিনিয়োগ প্রস্তাবনা পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা বলেন, প্রবাসী উদ্যোক্তাদের সমন্বিত এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বাংলাদেশে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ksrm