দুদক কর্মকর্তা সেজে বন্দর-কাস্টমসে চাঁদাবাজি, হোয়াটসঅ্যাপে প্রতারণা

পরিচয় মিললেও ধরছে না পুলিশ

চট্টগ্রাম কাস্টমস হাউস ও বন্দর এলাকায় ত্রাস সৃষ্টি করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক উপ-পরিচালকের ছবি ও নাম ব্যবহার করে খোলা হয়েছে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সেই পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী কর্মকর্তা দুদক চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ। গত ডিসেম্বর মাসে ১৪৮৪/২৫ নম্বর জিডিটি করা হলেও এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জিডিতে উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা এক ব্যক্তি উপ-পরিচালক সুবেল আহমেদের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ প্রোফাইল খুলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন। ওই অ্যাকাউন্টে ব্যবহৃত ০১৯০৬-৯৫২৮৮১ নম্বরটি তাঁর নয়। প্রতারক নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউস ও বন্দরসহ বিভিন্ন এলাকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নন বলে জিডিতে স্পষ্টভাবে জানিয়েছেন সুবেল আহমেদ। তাঁর নাম ও ছবি ব্যবহার করে এ ধরনের প্রতারণার ফলে তিনি সামাজিক ও ব্যক্তিগতভাবে মারাত্মক সম্মানহানির শিকার হচ্ছেন। ভবিষ্যতে কোনো ধরনের আইনি জটিলতা বা অপব্যবহার রোধে তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন।

শনাক্ত হলেও অধরা আসামি

চট্টগ্রাম মহানগর প্রশাসনের একটি সংস্থার প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খোলা নম্বরটির নিবন্ধিত মালিক খোকন কান্তি মজুমদার। পরিমল মজুমদারের ছেলে খোকন কান্তির স্থায়ী বাড়ি চট্টগ্রামের আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের তিশারী এলাকায় হলেও বর্তমানে তিনি নগরের চকবাজার ২ নম্বর গলিতে বসবাস করেন। তবে তিশারী গ্রামের একাধিক ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, খোকন কান্তি মজুমদার এখন গ্রামে থাকেন না। প্রশাসনের একটি গোয়েন্দা সূত্র জানায়, বর্তমানে ওই মোবাইল নম্বরটি বন্ধ এবং হোয়াটসঅ্যাপ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে এর আগে নম্বরটি ব্যবহার করে দুদক কর্মকর্তা সুবেল আহমেদের ছবি দিয়ে ভুয়া প্রোফাইল খোলার স্ক্রিনশট প্রশাসনের কাছে সংরক্ষিত রয়েছে।

পুলিশের ক্রিমিনাল ডাটাবেজ সূত্রে জানা গেছে, খোকন কান্তি মজুমদার কোতোয়ালী থানার একটি প্রতারণা মামলার চার্জশিটভুক্ত আসামি। মামলার জিআর নম্বর ২০/২৩, যা বর্তমানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (৬ষ্ঠ) এ বিচারাধীন। মঙ্গলবার (৬ জানুয়ারি) এই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তবে বর্তমানে এই আসামি পলাতক রয়েছেন। একটি সূত্রের দাবি অনুযায়ী, খোকন কান্তি মজুমদার বর্তমানে সীমান্ত পেরিয়ে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকেই বিভিন্ন মানুষকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছেন। অভিযুক্তের মোবাইল নম্বরে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

তদন্তে পুলিশ ও কাউন্টার টেররিজম

ডবলমুরিং থানার জিডিটি তদন্ত করছেন উপ-পরিদর্শক মো. আখতারুজ্জামান সোহাগ। তদন্তের বিষয়ে জানতে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ডবলমুরিং থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। বর্তমান পরিস্থিতি নিয়ে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন খাঁন জানান, তিনি এই থানায় কয়েক দিন আগে যোগদান করেছেন। বিষয়টি দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

এদিকে সিএমপি কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের উপ-পরিদর্শক জুয়েল জানিয়েছেন, দুদক থেকে পাঠানো একটি অভিযোগ তাঁরা পেয়েছেন যা ইতিমধ্যে জিডিভুক্ত হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্নজনকে ভয়ভীতি দেখানোর তথ্য পাওয়া গেছে এবং এ বিষয়ে গভীর অনুসন্ধান অব্যাহত রয়েছে।

জেজে/সিপি

ksrm