দুই মাস বয়সী ছেলেকে গলাকেটে হত্যা করলেন পাষণ্ড মা

কক্সবাজারের রামুতে দুই মাসের শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু সন্তানের নাম রায়ান আহমেদ। সে রামুর রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়ার আবদুল মালেকের ছেলে। তার বাবা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। আর অভিযুক্ত মায়ের নাম রোমানা আক্তার (২৩)।

পুলিশ জানায়, সকালে শিশুটিকে নিয়ে ঘরে প্রবেশের পর রোমানা আক্তার ধারালো ছুরি দিয়ে তার গলাকেটে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া যায়।

পরে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মাকে আটক করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের সদস্যরা দাবি করেছেন রোমানা আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং এর আগে তার চিকিৎসাও করা হয়েছিল। তবে বিষয়টি চিকিৎসকের পরীক্ষা ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে এবং গ্রেপ্তার রোমানা আক্তারকে মামলায় আসামি করা হয়েছে।

এএইচ

ksrm