দুই মামলায় ১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে হত্যা ও অস্ত্র আইনের দুই মামলায় ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ফটিকছড়ি থানার দুই মামলায় ৫ দিন করে ১০ দিনের এই রিমান্ড মঞ্জুর হয়।

রোববার (২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো.মুসার ছেলে।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার বলেন, ফটিকছড়ি থানার দুই মামলায় ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বিদেশ থেকে চট্টগ্রামের অন্ধকার জগত নিয়ন্ত্রণ করা ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী বড় সাজ্জাদের সেকেন্ড-ইন-কমান্ড এই ডেভিড ইমন। সাজ্জাদের গ্রুপে এসে একাধিক হত্যাকাণ্ড ঘটিয়ে সহজেই তার নজরে আসে ইমন।

নগরীর বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, পতেঙ্গা, রাউজান ও হাটহাজারী উপজেলায় এই চক্রের প্রভাব বেশি। এসব এলাকায় তারা নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দেওয়া দুই প্রধান ব্যক্তির একজন মোবারক হোসেন ইমন।

নগরীর চন্দনপুরায় অবস্থিত একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ধ্বংশযজ্ঞ চালানো হয় ডেভিড ইমনের হুমকিতে। এসময় প্রতিষ্ঠানটিতে থাকা ৩৫ লাখ টাকাও লুট করা হয়। এরআগে ফোনে কোটি টাকার চাঁদা দাবি করে প্রতিষ্ঠানটির মালিকে হুমকি দেন ইমন।

বিএস/ডিজে

ksrm