দুই বন্ধু সাঁতার কাটছিলেন সমুদ্রে, হঠাৎ তলিয়ে গেলেন একজন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সাঁতার কাটতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা অপরজন।

নিহত মো. মেহরাজ হোসেন (১৯) চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ী এলাকার গাজী ডিপো বাইলেনের মোশারফ আলীর ছেলে। তিনি চট্টগ্রাম এমইএস কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৬টার দিকে বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. সাব্বির।

‎স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সাদেক নামে এক যুবক জানান, বিকালবেলা সমুদ্র সৈকতে মো. মেহরাজ ও মো. সাব্বির নামের দুই বন্ধু বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। একপর্যায়ে তারা দুজন ফেরি ঘাটের শেষ সীমানায় সাঁতার কাটতে যান। সাঁতার কাটতে কাটতে এক সময় মেহরাজ সমুদ্রে তলিয়ে যেতে শুরু করে। এ সময় তার বন্ধু সাব্বির তাকে আপ্রাণ চেষ্টা করে বাঁচাতে। এক পর্যায়ে স্থানীয়দের চেষ্টায় লাল বোট দিয়ে দুজনকে উদ্ধার করা হয়। কিন্তু উদ্ধারের পরে সাব্বিরের জ্ঞান ফিরলেও মেহরাজের জ্ঞান ফিরেনি।

পরে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহরাজকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, যে স্থানে তারা সাঁতার কাটতে গিয়েছিল, সেখান থেকে ফেরিঘাট নির্মাণের জন্য ড্রেসিং করে বালু উত্তোলন করা হয়। যার কারণেই গভীরতায় তলিয়ে পর্যটকের মৃত্যু হয়েছে।

‎উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন জানান, মোহাম্মদ মেহেরাজ নামের এক পর্যটককে সন্ধ্যার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু সে তার আগেই মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডিজে

ksrm