দামপাড়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের দামপাড়ায় একটি পুকুর থেকে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) দামপাড়া পল্টন রোডের বাগমনিরাম সিটি কর্পোরেশন স্কুলের সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রিকশাচালকের নাম মো. ইউসুফ (৫২)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মান্দারপুর এলাকার বাসিন্দা ছিলেন।

পরিবারের সদস্যদের বরাতে দিয়ে পুলিশ জানিয়েছে, ইউসুফ একসময় পরিবার নিয়ে ব্যাটারিগলি এলাকায় থাকতেন। ছেলেমেয়েরা আলাদা হয়ে যাওয়ার পর তিনি রাতে রিকশায় অথবা মাজারে ঘুমাতেন।

ওই এলাকার কয়েকজন রিকশাচালক জানান, মাঝে মাঝে ইউসুফ অজ্ঞান হয়ে যেতেন, কিছু সময় পর জ্ঞান ফিরত। তার হয়তো মৃগী রোগ থাকতে পারে। তিনি ওই পুকুরেই গোসল করতেন।

চকবাজার থানার এসআই প্রকাশ রায় জানান, ৯৯৯-এ ফোন পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়। পরে নিহতের ভাই ও ছেলে এসে পরিচয় নিশ্চিত করেন।

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তথ্য দেন তিনি।

ডিজে

ksrm